চট্টগ্রামে শিবিরের পাঁচ কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমমনা ১২টি ইসলামি দলের ডাকা হরতালের সময় চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় বিআরটিসির একটি বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রশিবিরের পাঁচ কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার রাতে দেওয়ানহাটের বায়তুশ শরফ মাদ্রাসার আশপাশের মেসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পাঁচ শিবির কর্মী হলেন: বায়তুশ শরফ মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র দেলোয়ার হোসেন (১৮), মো. শাহরিয়ার (১৯) ও জুবায়ের ইসলাম (১৯), ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র আবদুল হালিম (১৯) এবং আলিম উত্তীর্ণ শামসুল মাওলা শরীফ (২১)। প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর ইসলামি দলগুলো দেশব্যাপী এ হরতাল কর্মসূচি পালন করে। ডবলমুরিং অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার আরেফিন জুয়েল প্রথম আলোকে বলেন, ‘২৩ সেপ্টেম্বরের ঘটনায় আমরা মাদ্রাসার পাঁচ ছাত্রকে গ্রেপ্তার করেছি, যাঁদের বিরুদ্ধে বিআরটিসি বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটনার অভিযোগ রয়েছে।’