চট্টগ্রামে শিবিরের সহিংসতায় দুটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের নেতা গোলাম আযমের রায়কে কেন্দ্র করে আহূত গত সোমবারের সকাল-সন্ধ্যা হরতালে সহিংসতার ঘটনায় জামায়াত-শিবিরের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। চট্টগ্রাম নগরের আগ্রাবাদে দুটি পৃথক ঘটনায় গতকাল মঙ্গলবার ডবলমুরিং থানায় এই মামলা দুটি করা হয়। আগ্রাবাদ এক্সেস সড়কে সোমবার সকালে ককটেল বিস্ফোরণের ঘটনায় জামাল উদ্দিন নামের এক দোকানি গুরুতর আহত হন। এ সময় শিবিরের কর্মীরা বেশ কিছু ককটেলের বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় জামালের মামা রশিদ মিয়া বাদী হয়ে ডবলমুরিং থানায় মামলা করেন। মামলায় শিবিরের পাঁচ কর্মীর নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়। হরতাল শেষ হওয়ার পর আগ্রাবাদের বাদামতলী এলাকায় শিবিরের সহিংসতার ঘটনায় ডবলমুরিং থানার এসআই শহীদুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন। সোমবার সন্ধ্যার ওই ঘটনায় ককটেলের আঘাতে এক কনস্টেবল আহত হন। এ সময় শিবিরের এক কর্মীকে জনতা পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এই মামলায় আটক কর্মী ছাড়াও অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।