চট্টগ্রামে শিবিরের হরতালের প্রতিবাদে ছাত্রলীগের মিছিল
ছাত্রশিবিরের হরতালের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরে মিছিল-সমাবেশ করেছে ছাত্রলীগ।চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা ছাত্রলীগ যৌথভাবে এই মিছিল-সমাবেশ করে।সংগঠন সূত্র জানায়, ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল দুপুরে জমিয়াতুল ফালাহ মসজিদের সামনে থেকে একটি মিছিল বের করেন। এরপর তাঁরা ওয়াসা মোড়ে সমাবেশ করেন।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মামুনুল হকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ফারহান আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী। সমাবেশ শেষে আবারও মিছিল বের করা হয়। মিছিলটি জিইসি মোড়ে গিয়ে শেষ হয়।সমাবেশে ছাত্রলীগের নেতারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে আশকারা পেয়ে ছাত্রশিবির বেপরোয়া হয়ে উঠেছে। তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ঘাঁটি বানিয়ে সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে রেখেছে। এ অবস্থা থেকে বিশ্ববিদ্যালয়কে মুক্ত করতে হবে।