জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় চারু ও কারুকলা বিষয়ের অবমূল্যায়ন, চারুশিল্প শিক্ষা বন্ধ করার চক্রান্তের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন এবং শিল্পী সমাবেশ করেছে চারুশিল্পী পরিষদ নামের একটি সংগঠন। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় ক্যানভাসে প্রতিবাদী চিত্র আঁকেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।
শিল্পী সমাবেশে বক্তারা বলেন, দেশে ছবি আঁকা ও অন্যান্য শিল্পকলাচর্চার প্রতি আগ্রহ বেড়েছে। বিগত বছরগুলোতে পাবলিক পরীক্ষায় চারুকলা বিষয় অন্তর্ভুক্তির কারণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া ও সচেতনতা বৃদ্ধি পেয়েছে। কিন্তু জেএসসি পরীক্ষায় চারু ও কারুকলা বিষয় বাদ দেওয়ার চেষ্টা চলছে। এটি বাস্তবায়িত হলে দেশের নতুন প্রজন্ম তাদের শিক্ষার ক্ষেত্রে মানসিক, দৈহিক ও নান্দনিক জ্ঞান থেকে বঞ্চিত হবে। শিক্ষার্থীরা অপূর্ণাঙ্গ মানুষ হিসেবে বেড়ে উঠবে; যা শিক্ষার ক্ষেত্রে একধরনের অপূর্ণতা তৈরি করবে।
জাতীয় পাঠ্যক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) গত ২২ মার্চের সভায় সিদ্ধান্ত হয়, জেএসসি ও জেডিসি পরীক্ষায় শারীরিক ও স্বাস্থ্য, কর্ম ও জীবনমুখী শিক্ষা এবং চারু ও কারুকলা বিষয়গুলো অন্তর্ভুক্ত না করে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের মান যাচাই করা হবে। এসব বিষয়ে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর উল্লেখ করে জেএসসি ও জেডিসির চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। তবে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর শিক্ষার্থীর গ্রেড নির্ধারণে প্রযোজ্য হবে না। প্রাপ্ত নম্বর শিক্ষার্থীর বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। চলতি বছর থেকে এই পদ্ধতিতে জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্র জানায়।
চারুশিল্পী পরিষদের সভাপতি আবুল ফজলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের পরিচালক শায়লা শারমিন, ইনস্টিটিউটের শিক্ষক ঢালী আল মামুন, সৈয়দ সাইফুল কবীর, মোহাম্মদ জসিম উদ্দিন, নাসিমা আখতার, প্রণব মিত্র চৌধুরী ও সুফিয়া বেগম, চারুশিল্পী সম্মিলনের সাধারণ সম্পাদক সুব্রত বড়ুয়া প্রমুখ।