চট্টগ্রামে শিশু উৎসব শুরু
চট্টগ্রামের ডিসি হিল প্রাঙ্গণে গতকাল শুক্রবার শুরু হয়েছে দুই দিনব্যাপী পাঠশালা-বসুধা যুগপূর্তি শিশু উৎসব। বসুধা বিল্ডার্স লিমিটেডের সহযোগিতায় উৎসবের আয়োজন করেছে মেধা বিকাশকেন্দ্র শিশুদের পাঠশালা।উৎসবে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এর উদ্বোধন করেন বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক ফালগুনী হামিদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলী আজগর চৌধুরী, বিএসআরএম গ্রুপের কর্মকর্তা ভূপেন্দ্র ভট্টাচার্য, মাবিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম। মুখ্য আলোচক ছিলেন বসুধা বিল্ডার্স লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক মো. শাহিদুর রহমান।স্মৃতিচারণা করেন শিশুদের পাঠশালার চেয়ারম্যান গাজী সালেহ উদ্দিন। স্বাগত বক্তব্য দেন শিশুদের পাঠশালার পরিচালক শুকলাল দাশ। শুভেচ্ছা বক্তব্য দেন শিশু উৎসব উদ্যাপন পরিষদের মহাসচিব উত্তম কুমার দত্ত।শিশু উৎসবে কৃতী শিক্ষার্থীদের উপহার ও চট্টগ্রাম মহানগরের ৭০০ বৃত্তি পাওয়া শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া চিত্রশিল্পী সবিহ-উল আলম, স্বাধীনবাংলা বেতারকেন্দ্রের শিল্পী সুজিত রায় ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাহাব উদ্দিনকে সম্মাননা দেওয়া হয়।