চট্টগ্রামে শিশু-কিশোর ডায়াবেটিক রোগীদের বিনা মূল্যে সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ থেকে ১৮ বছর বয়সী শিশু-কিশোরদের ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণের জন্য চট্টগ্রামে গতকাল রোববার উদ্বোধন করা হয়েছে ফ্রি ডায়াবেটিক ক্লিনিক। চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি ও ইনসুলিন উৎপাদনকারী প্রতিষ্ঠান নভোনরডিস্ক ফার্মাসিউটিক্যালসের যৌথ উদ্যোগে খুলশীর ডায়াবেটিক হাসপাতালে বিনা মূল্যে এই চিকিৎসাকেন্দ্র করা হয়।গতকাল সকালে ফিতা কেটে ফ্রি ক্লিনিকের উদ্বোধন করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান। এতে বিশেষ অতিথি ছিলেন সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, অধ্যাপক কিশোয়ার আজাদ, ডায়াবেটিক সমিতির চিকিৎসক বেদোরা জাবীন ও নভোনরডিস্ক ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক এ রাজন কুমার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী। সভায় বক্তারা বলেন, পৃথিবীতে প্রতিদিন দুই শতাধিক শিশু ডায়াবেটিস রোগে আক্রান্ত হচ্ছে। শিশু-কিশোরদের এই রোগের ভয়াবহতা থেকে রক্ষা করতে ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও সচেতনতা জরুরি।বক্তারা বলেন, বাংলাদেশে ৬০ লাখের বেশি ডায়াবেটিক রোগী রয়েছে। ডায়াবেটিক সমিতি ৯০টি কেন্দ্রের মাধ্যমে মাত্র ২৫ শতাংশের চিকিৎসা দিতে পারছে। শিশু-কিশোরদের মধ্যে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার হার বাড়ছে। তাই ঢাকা ও ফরিদপুরের পর চট্টগ্রামে শিশু-কিশোরদের জন্য বিনা মূল্যে ডায়াবেটিসের চিকিৎসা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রামে এ পর্যন্ত ১৬০ জন শিশু-কিশোর ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।