চট্টগ্রামে শিশু-কিশোরদের মাদক ও অপসংস্কৃতি থেকে রক্ষার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু-কিশোরদের মাদক ও অপসংস্কৃতি থেকে রক্ষার দাবিতে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সম্প্রতি নগরে সহপাঠী কর্তৃক স্কুলছাত্রী ধর্ষিত হওয়ার ঘটনায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে ধর্ষণের ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, সে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। সকালে উন্নয়ন সংগঠন ‘শিশু-কিশোর মেলা’ আয়োজিত এ মানববন্ধনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় সম্পাদক সত্যজিৎ বিশ্বাস, জেলা সংগঠক মাহফুজা খাতুন ও আরিফ মঈনুদ্দিন। বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে নগরে যে অপরাধমূলক ঘটনা ঘটেছে, তার সঙ্গে জড়িত হয়ে পড়ছে অল্প বয়সী কিশোর-তরুণেরা। পাড়া-মহল্লায় খেলার মাঠ ও পাঠাগারের অভাব, বিদ্যালয়গুলোতে পর্যাপ্ত সাংস্কৃতিক আয়োজনের অভাব কিশোর মনের দূরন্ত গতিকে ঠেলে দিচ্ছে সর্বনাশা মাদক ও অপরাধের দিকে। তাই শিশু-কিশোরদের রক্ষার্থে সমাজের সব শ্রেণীর লোককে এগিয়ে আসতে হবে।