চট্টগ্রামে শিশু খুনের মামলায় মায়ের দ্বিতীয় স্বামীর যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আড়াই বছরের এক শিশুকে খুনের মামলায় মায়ের দ্বিতীয় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর নাম নুর আলম। আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এ রায় দেন।

মামলাটি পরিচালনাকারী সরকারি কৌঁসুলি মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, কক্সবাজারের চকরিয়ার মগনামা এলাকায় নুর বেগমের সঙ্গে ছিদ্দিক আহমেদের বিয়ে হয়। মোমেন উদ্দিন নামের এক শিশুসন্তানের জন্ম হয় তাঁদের। দুজনের ছাড়াছাড়ি হলে নুর বেগম নুর আলমকে বিয়ে করেন। বিয়ের পর তাঁর প্রথম স্বামীর ঘরে জন্ম নেওয়া শিশু মোমেনকেও দ্বিতীয় স্বামীর ঘরে নিয়ে আসেন। ১৯৯২ সালের ১৯ মার্চ নুর আলম আড়াই বছরের শিশু মোমেনকে নগরের বন্দর থানার লালদিয়ার চর এলাকায় নিয়ে যান। সেখানে শিশুটিকে বস্তাবন্দী করে পুকুরের পানিতে ডুবিয়ে মারা হয়। এক দিন পর শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বন্দর থানায় শিশুটির বাবা ছিদ্দিক আহমেদ বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে পরের বছরের ১ জানুয়ারি পুলিশ নুর আলমকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়। আটজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন। আসামি নূর আলম জামিনে গিয়ে পলাতক রয়েছেন।