চট্টগ্রামে শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু
চট্টগ্রামে গণপূর্ত বিভাগের প্রকৌশলীর বাসায় জাকির হোসেন (১২) নামের এক শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে গণপূর্তের রহমতগঞ্জের সরকারি বাসায় এই ঘটনা ঘটে।
জাকির হোসেন গণপূর্ত সার্কেল-১-এর উপসহকারী প্রকৌশলী নওশাদ জামানের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত। জাকির লক্ষ্মীপুরের সৈয়দপুরের নূর হোসেনের ছেলে। তার বাবা-মা চট্টগ্রাম নগরের আমিন জুট মিল এলাকায় থাকেন। জাকির আত্মহত্যা করেছে বলে নওশাদ জামান পুলিশকে প্রাথমিকভাবে জানান।
জানা গেছে, গতকাল বেলা দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে জাকিরকে নিয়ে আসেন নওশাদ জামান। কর্তব্যরত চিকিৎসক ছেলেটিকে মৃত ঘোষণা করেন। তার গলায় খামচির মতো চিহ্ন রয়েছে। এ ছাড়া গলায় একটি দাগ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জরুরি বিভাগের প্রধান চিকিৎসক মো. ফখরুজাহান বলেন, ‘ডা. সাইফুল ছেলেটিকে দেখেছিলেন। ছেলেটির গলায় কিছু দাগ রয়েছে। এ ছাড়া আত্মহত্যা করলে যে ধরনের রশির দাগ পড়ার কথা তা নেই। তাই মৃত্যুর কারণ অজানা লিখেছেন সাইফুল। পোস্টমর্টেমের পর সেটি জানা যাবে।’ হাসপাতালে জাকিরের স্বজনদের কাউকে পাওয়া যায়নি। নওশাদ জামান পুলিশকে ওই ছেলে আত্মহত্যা করেছে বলে বারবার বলছিলেন।
কোতোয়ালি থানার উপপরিদর্শক ইমাম হোসেন বলেন, ‘বিষয়টা রহস্যজনক। এত ছোট ছেলে আত্মহত্যা কেন করবে? আবার গলায় দাগও আছে। আমরা থানায় গিয়ে আলোচনা করে বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত নেব।’