চট্টগ্রামে শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু
চট্টগ্রামে এক কন্যাশিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। নগরের হাজারী লেন এলাকার একটি বাসায় সে গৃহকর্মীর কাজ করত। ওই বাসাতেই থাকত বুলবুলি (১১) নামের শিশুটি। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই দিন রাত সাড়ে ১০টার দিকে হাজারী লেন এলাকার নির্মাণাধীন একটি পাঁচতলা ভবনের নিচ থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছিল সে।
হাজারী লেন এলাকার বৃদ্ধ সুবিমল দাশের বাসায় পাঁচ বছর ধরে আছে বুলবুলি। সুবিমলের স্ত্রী পান্না ধর প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাতে বাসার কাছেই একটি কমিউনিটি সেন্টারে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যান তিনি, তাঁর স্বামী ও বুলবুলি। রাত নয়টার দিকে তাঁর স্বামী ও বুলবুলি অনুষ্ঠানস্থল থেকে হেঁটে বাসার উদ্দেশে রওনা দেন। বাসায় তখন তাঁদের মেয়ে সুমি দাশ ছিল। তাঁর স্বামী ১০ মিনিটের মধ্যে বাসায় ফিরলেও মেয়েটি ফেরেনি। রাত নয়টা ৪৫ মিনিটের দিকে তিনিও বাসায় ফেরেন। কিন্তু তখনো বুলবুলি বাসায় না ফেরায় তাঁরা খোঁজাখুঁজি শুরু করেন। রাত সাড়ে ১০টার দিকে বাসার পাশে নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদ থেকে একটি মেয়ে নিচে পড়ে যাওয়ার খবর শুনতে পান। সেখানে গিয়ে দেখেন আহত মেয়েটি বুলবুলি। অচেতন অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তাঁরা। গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহরলাল হাজারী বলেন, ভবনটির কাজ কয়েক দিন ধরে বন্ধ রয়েছে। মেয়েটি কীভাবে ওই ভবনের পাঁচতলায় উঠল, তা বোঝা যাচ্ছে না।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, সুরতহালে শিশুটির শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া যায়নি। তবে মেয়েটি পাঁচতলায় নিজে উঠেছিল নাকি কেউ তাকে নিয়ে গিয়েছিল, তা বোঝা যাচ্ছে না। বিয়ের অনুষ্ঠান থেকে বাসায় না ফিরে কেন সে নির্মাণাধীন ওই ভবনে গিয়েছিল, তা তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে লাশ গতকাল বিকেলে বলুয়ার দীঘির শ্মশানে সৎকার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় অপমৃত্যুর মামলা করেছে।
গৃহকর্ত্রী পান্না ধর বলেন, পাঁচ বছর আগে রাস্তায় কাঁদতে দেখে তাঁরা বুলবুলিকে নিজেদের বাসায় আশ্রয় দেন। ওই সময় সে নিজের মা-বাবা ও বাড়ির ঠিকানা বলতে পারেনি। পরে তাঁরা মেয়েটিকে নিজেদের কাছে রেখে দেন।