চট্টগ্রামে শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু
চট্টগ্রামে লিমা আক্তার নামের ১২ বছর বয়সী এক শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে সাতটায় নগরের বায়েজিদ বোস্তামী থানার ডিওএইচএস আবাসিক এলাকার একটি ভবনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় গৃহকর্ত্রী শাহেদা আক্তারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তিনি প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ বখতেয়ারের স্ত্রী। ভবনের ছয়তলায় একটি ফ্ল্যাটে তাঁরা বসবাস করেন।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহসীন প্রথম আলোকে বলেন, মা-বাবা হারা লিমা আক্তার দুই বছর ধরে শাহেদা আক্তারের বাসায় কাজ করছে। বাকলিয়ার রাজাখালী এলাকার এক নারী তাকে শাহেদার বাসায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহেদা দাবি করেছেন, লিমা সকালে কাপড় শুকাতে দিতে ছাদে উঠলে অসাবধানতাবশত পড়ে গুরুতর আহত হয়। দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নিকট আত্মীয় কাউকে পাওয়া গেলে লাশ হস্তান্তর করা হবে। কেউ ছাদ থেকে শিশুটিকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করেছে, নাকি সে নিজেই পড়ে গেছে, তা তদন্ত করা হচ্ছে।
গতকাল দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ছয়তলা ওই ভবনের ছাদের কার্নিশে প্রায় আড়াই ফুটের দেয়াল রয়েছে। এই দেয়াল পার হয়ে অসাবধানতাবশত পড়ে যাওয়ার আশঙ্কা কম।
আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাদ থেকে পড়ে যাওয়ার শব্দ তাঁরা শুনেছেন। তবে শিশুটি পড়ে গেছে, নাকি কেউ ফেলে দিয়েছে তাঁরা জানেন না। গতকাল বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে গিয়েও শিশুটির কোনো স্বজনকে পাওয়া যায়নি।