চট্টগ্রামে শিশু চলচ্চিত্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে চার দিনব্যাপী আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে নগরের নন্দনকাননে ফুলকি এ কে খান মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন শিল্পসমালোচক আবুল মনসুর।
উৎসবে শিশুদের জন্য ১৪টি দেশের ৩০টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। চিলড্রেন ফিল্ম সোসাইটি বাংলাদেশ ও চিলড্রেন ফিল্ম সোসাইটি চট্টগ্রাম যৌথভাবে নবমবারের মতো এ প্রদর্শনীর আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আবুল মনসুর বলেন, শিশুদের জন্য এখন বিনোদনের উৎস নেই বললেই চলে। সে কারণে শিশুদের সঠিক মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে। চলচ্চিত্র শিক্ষার একটি শক্তিশালী মাধ্যম। শিশুদের জন্য এ ধরনের প্রদর্শনী নিয়মিত হওয়া প্রয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব চট্টগ্রামের পরিচালক লোকপ্রিয় বড়ুয়া, নবম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশের পরিচালক রায়ীদ মোরশেদ, চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের সাধারণ সম্পাদক গিয়াস আহমেদ, পরিচালক শৈবাল চৌধুরী, ফুলকির অধ্যক্ষ শীলা মোমেন প্রমুখ।
চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের পরিচালক শৈবাল চৌধুরী বলেন, শুক্রবার প্রথম দিন শিশুদের জন্য ১২টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। শনিবার (আজ) বেলা তিনটা ও পাঁচটায় চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবে বিনা মূল্যে চলচ্চিত্র প্রদর্শনী চলছে।