চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে খোকন দাশ নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

আজ সোমবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামি খোকন দাশের বাড়ি সাতকানিয়া উপজেলার ফকিরখিল এলাকায়। তাঁর বাবার নাম সমীরণ দাশ।

আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৩১ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে প্রতিবেশী পাঁচ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ করেন খোকন। ওই দিনই শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। এ ঘটনায় খোকনকে আসামি করে ২০১৩ সালের ১৬ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মোট আটজন সাক্ষী এ মামলায় সাক্ষ্য দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেসমিন আকতার বলেন, খোকনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। খোকন পলাতক রয়েছেন।