চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। আসামির উপস্থিতিতে গতকাল বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম এই রায় দেন। দণ্ডিত আসামির নাম আবদুল মালেক। আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১২ সালের ৩ জুলাই আবদুল মালেক চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের শিশুটিকে চট্টগ্রাম নগরের আলকরণের একটি ভবনের ছাদে নিয়ে যান। এরপর তিনি শিশুটিকে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে মালেককে আটক করে।মালেক একই ভবনে ওই পরিবারের পাশের ঘরে বসবাস করতেন। ঘটনার পর শিশুটির বাবা কোতোয়ালি থানায় মামলা করেন। একই বছর ২১ আগস্ট অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে গত ১৫ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এরপর নয়জনের সাক্ষ্যের ভিত্তিতে আদালত মালেককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন।