চট্টগ্রামে শিশু ধর্ষণেরদায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
চার বছর বয়সী শিশুকে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা হয়েছে। চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ রেজাউল করিম গতকাল রোববার এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। দণ্ডিত আসামির নাম জাহাঙ্গীর আলম (২৫)। তিনি কোতোয়ালি থানাধীন জামালখান এলাকার বাসিন্দা। জামালখান এলাকায় আসামির একটি চশমার দোকান আছে। তাঁর গ্রামের বাড়ি চন্দনাইশের উত্তর হাশিমপুর এলাকায়।আদালত সূত্র জানায়, জামালখান এলাকায় এক মুদি দোকানদারের চার বছর বয়সী শিশুকে ২০০৫ সালের ৪ জানুয়ারি ধর্ষণ করেন জাহাঙ্গীর। ধর্ষণের আগে তিনি শিশুটিকে ফুসলিয়ে জামালখানের নিজ বাসায় নিয়ে যান। এ ঘটনায় শিশুটির বাবা জাহাঙ্গীরকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। একই বছরের ৩ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আটজনের সাক্ষ্যের ভিত্তিতে আদালত গতকাল আসামিকে দোষী সাব্যস্ত করেন।বিশেষ ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) চন্দন তালুকদার প্রথম আলোকে বলেন, ‘আসামি জাহাঙ্গীর জামিন পাওয়ার পর নিয়মিত আদালতে হাজিরা দিতেন। রায় ঘোষণার তিন-চার দিন আগেই তিনি পালিয়ে যান।’