চট্টগ্রামে শিশু নিহত আহত ১০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাকলিয়া ও সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত ও ১০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার ভোরে বাকলিয়া থানার সামনে মিনি ট্রাকের চাপায় আঁখি আক্তার নামে ছয় বছরের শিশুটি নিহত হয়। আঁখি বাকলিয়া থানার খালেক কলোনির তাহের মিয়ার মেয়ে। পুলিশ ট্রাকের চালক আবু সৈয়দকে (২২) আটক করেছে। বাকলিয়া থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম জানান, থানার সামনে শাহ আমানত সেতুমুখী ট্রাকের চাপা পড়ার পর শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে মামলা হয়েছে।এদিকে সীতাকুণ্ডে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শীতলপুর তেঁতুলতলা এলাকার কাশেম জুট মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের সবাই মাইক্রোবাসের যাত্রী। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।