চট্টগ্রামে শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে যাবজ্জীবন
চট্টগ্রামের হাটহাজারীর বুড়িশ্চরে নিশি মনিকে (৮) ধর্ষণের পর খুন করার দায়ে চট্টগ্রামের রিকশাচালক মিরাজ উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রবিউল হাসান আসামির উপস্থিতিতে এ রায় দেন।আদালত সূত্র জানায়, ২০০৮ সালের ৩ মার্চ বুড়িশ্চরের নজুমিয়া হাট প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী নিশি নিখোঁজ হয়। ৬ মার্চ বুড়িশ্চর নায়রা পুকুরসংলগ্ন একটি কবরস্থানে আমগাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় তার গলিত লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিশির মা নাসিমা আক্তার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেন হাটহাজারী থানায়।চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি আইয়ুব খান বলেন, নিশি খুন হওয়ার দুই মাস পর মিরাজ নিজের রিকশায় একটি মেয়ে-শিশুকে নিয়ে ঘুরছিলেন। স্থানীয় জনতার সন্দেহ হলে তাঁকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে মিরাজ নিশিকে হত্যার কথা স্বীকার করেন।