চট্টগ্রামে শিশুদের পাশে জাপানের রুকা
চট্টগ্রামের মিরসরাই বা বাঁশখালী উপজেলার প্রত্যন্ত গ্রাম। ভাঙা ভাঙা বাংলায় স্থানীয়দের কাছে থেকে ঠিকানা জেনে নেন রুকা জিৎসুকাওয়া। বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেন শিশুদের ঠিকমতো টিকা দেওয়া হয়েছে কি না। এক বছর ধরে এভাবেই চট্টগ্রামের সব কটি উপজেলার প্রত্যন্ত গ্রামে ঘুরে বেড়াচ্ছেন জাপানি নাগরিক রুকা।বাংলাদেশ সরকার পরিচালিত সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় শিশুদের আটটি রোগের টিকা দেওয়ার কাজ পরিচালনা করে জেলা সিভিল সার্জন কার্যালয়। ১৯৭৯ সালে এই কার্যক্রম শুরু হয়।১৯৯৫ সাল থেকে ইপিআই প্রকল্পে সহায়তা দেওয়া শুরু করে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। জাইকা নিয়োজিত স্বেচ্ছাসেবীরা শিশুদের টিকাদানে জনসচেতনতা সৃষ্টি, পর্যবেক্ষণ ও বাদ পড়াদের খুঁজে বের করার কাজ করেন। রুকা জিৎসুকাওয়া (৪০) এই স্বেচ্ছাসেবীদের একজন। চট্টগ্রামের ইপিআই কর্মসূচি, বিদ্যালয়গামী শিশুদের স্বাস্থ্য শিক্ষা ও প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম উন্নয়নে কাজ করেন এই স্বেচ্ছাসেবীরা। সরেজমিন দেখা যায়, গতকাল শনিবার সকালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের লতিফপাড়া গ্রামে ইপিআই প্রকল্পের আওতায় শিশুদের টিকা দেওয়া হচ্ছে। জাপানের সিবা শহরের আধুনিক জীবনযাপনে অভ্যস্ত রুকা কেন স্বেচ্ছাসেবী হয়ে চট্টগ্রামে এলেন—এমন প্রশ্নের জবাবে রুকা বলেন, ‘পাঁচ বছর আগে বেড়াতে এসেছিলাম। চট্টগ্রাম খুব সুন্দর। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, চাকমা, মারমা—সব আছে। খুব ভালো লাগে। তাই চলে এসেছি।’