চট্টগ্রামে শিশুরা ডায়রিয়া ও ভাইরাস জ্বরে আক্রান্ত হচ্ছে
চট্টগ্রামে শিশুরা ভাইরাসজনিত জ্বর ও ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছে। গরম, ঠান্ডা ও ধুলোবালি এর কারণ বলে চিকিৎসকেরা জানান।জানা গেছে, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে গত এক সপ্তাহে ভর্তি হওয়া শিশুদের এক-তৃতীয়াংশই ভর্তি হয়েছে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে। শিশুদের সর্দি-কাশিজনিত জ্বরও হচ্ছে। গত বুধবার এই হাসপাতালে ভর্তি হওয়া ৯০ জন শিশুর মধ্যে ৩০ জন ভাইরাসজনিত জ্বরে ও ২৫ জন ছিল ডায়রিয়ায় আক্রান্ত।এ প্রসঙ্গে ওই হাসপাতালের শিশুস্বাস্থ্য ওয়ার্ডের অধ্যাপক নুরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘প্রচণ্ড ধুলোবালির কারণে ডায়রিয়া রোগী বেড়েছে। আমাদের এখানে ভর্তি হওয়া প্রায় এক-তৃতীয়াংশই ডায়রিয়ায় আক্রান্ত। এ ছাড়া সর্দি-কাশিজনিত জ্বরেও আক্রান্ত হচ্ছে শিশুরা। এক সপ্তাহ ধরে এ ধরনের রোগী আসছে।’চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডায়রিয়া ও ভাইরাসজনিত শিশু রোগীর সংখ্যা তেমন বেশি নয় বলে হাসপাতাল সূত্র জানায়। তবে এসব রোগে আক্রান্ত অনেক শিশুকে অভিভাবকেরা হাসপাতালে না এনে বাড়িতে রেখে চিকিৎসা করাচ্ছেন বলে জানা গেছে।এ প্রসঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহযোগী অধ্যাপক সৈয়দ মিসবাহুল হক বলেন, ‘আমাদের কাছে ডায়রিয়া এবং ভাইরাসজনিত জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে রোগী আসছে। বেশি সিরিয়াস না হওয়া পর্যন্ত তারা হাসপাতালে যাচ্ছে না।’ তিনি এ অবস্থায় শিশুদের ধুলোবালি থেকে দূরে রাখা ও বাসি খাবার না দেওয়ার পরামর্শ দিয়েছেন।