চট্টগ্রামে শীতাতপনিয়ন্ত্রিত বাস 'মেট্রো প্রভাতী' চালু

চট্টগ্রাম নগরের কাপ্তাই রাস্তার মাথা থেকে পতেঙ্গা সমুদ্রসৈকত পর্যন্ত ‘মেট্রো প্রভাতী’ নামে শীতাতপনিয়ন্ত্রিত বাস সার্ভিস চালু করা হয়েছে। গতকাল রোববার বিকেলে নগরের টাইগারপাস মোড় এলাকায় এ বাস সার্ভিসের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
ইফাদ অটোস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান ২০টি বাস দিয়ে প্রাথমিকভাবে এ সার্ভিস চালু করেছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ এ সার্ভিস পরিচালনা করবে। গণপরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও যাত্রীদের উন্নত সেবা নিশ্চিত করার উদ্দেশ্য নিয়ে এ সার্ভিস চালু করা হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।
মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, কাপ্তাই রাস্তার মাথা থেকে পতেঙ্গা সমুদ্রসৈকত পর্যন্ত ২২ কিলোমিটার সড়কে এসব বাস চলবে। যাতায়াতে সর্বোচ্চ ভাড়া ৪৫ টাকা। বাসে ওঠা-নামার জন্য দিতে হবে সর্বনিম্ন ১০ টাকা (চার কিলোমিটার)। এরপর প্রতি কিলোমিটার ভাড়া ১ টাকা ৬০ পয়সা।
বেলায়েত হোসেন জানান, কাপ্তাই রাস্তার মাথা থেকে পতেঙ্গা সমুদ্রসৈকতগামী বাসের জন্য ১০টি এবং পতেঙ্গা সমুদ্রসৈকত থেকে কাপ্তাই রাস্তার মাথাগামী বাসের জন্য ১২টি কাউন্টার থাকবে। বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড়, ওয়াসা মোড়, দেওয়ানহাট, আগ্রাবাদ, ইপিজেডসহ বিভিন্ন এলাকায় কাউন্টার রয়েছে।
অনুষ্ঠানে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, নগরের যানজটের কয়েকটি সুনির্দিষ্ট কারণের মধ্যে রয়েছে মানসম্মত গণপরিবহনের সংকট। ধীরে ধীরে শীতাতপনিয়ন্ত্রিত বাস সার্ভিস চালু করলে উচ্চ মধ্যবিত্ত এমনকি উচ্চবিত্তরাও এসব গাড়িতে চড়বেন। এভাবে সড়কে ব্যক্তিগত গাড়ি কমে এলে যানজটের প্রকোপ কমবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার ইকবাল বাহার এ সেবার মান ধরে রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলি আহমদ, ইফাদ অটোস লিমিটেডের পরিচালক আরিফ মাসুদ চৌধুরী। সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি হালিমা বেগম।