চট্টগ্রামে শুরু হয়েছে পাঁচ দিনের স্বাধীনতার বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের মুসলিম হল প্রাঙ্গণে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী স্বাধীনতার বইমেলা। মেলার আয়োজন করেছে চট্টগ্রাম একাডেমি। গতকাল শুক্রবার বিকেলে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক। আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক, চট্টগ্রাম প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদ রউফ, চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক নেছার আহমদ প্রমুখ। স্বাগত ভাষণ দেন বইমেলা উদ্যাপন পরিষদের মহাসচিব অরুণ শীল। সভাপতিত্ব করেন সাহিত্যিক ও মেলা উদ্যাপন পরিষদের আহ্বায়ক আনোয়ারা আলম। মেলার ঘোষণাপত্র পড়েন মেলা উদ্যাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক জিন্নাহ চৌধুরী। শোক প্রস্তাব পড়েছেন মেলা পরিষদের যুগ্ম মহাসচিব মো. জাহাঙ্গীর মিয়া।গতকাল মেলা মঞ্চে কবিতাপাঠ ও বিভিন্ন দলীয় পরিবেশনা এবং মুসলিম হলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। মেলার ১৮টি স্টল চট্টগ্রামের প্রয়াত মনীষীদের নামে নামকরণ করা হয়েছে। এতে ঢাকা ও চট্টগ্রামের বেশ কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এগুলোর মধ্যে পূর্বা, মনন, শিশুপ্রকাশ, প্রথমা, বলাকা, শৈলী, টইটুম্বুর, বাতিঘর, কালধারা উল্লেখযোগ্য। ২০০০ সাল থেকে চট্টগ্রাম একাডেমি চট্টগ্রামে নিয়মিত বইমেলার আয়োজন করে আসছে। এবারের মেলার বৈশিষ্ট্য সম্পর্কে আনোয়ারা আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা ২৩ মার্চ সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতি হিসেবে মনিরুজ্জামানকে পুরস্কৃত করব। এ ছাড়া ২৫ মার্চ বাংলা একাডেমী থেকে পুরস্কার পাওয়া চট্টগ্রাম একাডেমির আজীবন সদস্য হরিশংকর জলদাসকে সংবর্ধনা দেব।’