চট্টগ্রামে শুরু হয়েছে বিজ্ঞানবিষয়ক কর্মশালা

‘বিজ্ঞান প্রকল্প কী’ বা ‘বিজ্ঞান প্রকল্প কীভাবে তৈরি করতে হয়’ এ রকম নানা প্রশ্নের উত্তর জানা গেল রয়েল সিমেন্ট-প্রথম আলো বিজ্ঞানবিষয়ক কর্মশালায়। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রামের ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগের প্রভাষক সৈয়দ মিনহাজ হোসাইন। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প কী, বিজ্ঞান প্রকল্প কত ধরনের হয়, বিজ্ঞান প্রকল্প কীভাবে তৈরি করতে হয়, বিজ্ঞান প্রকল্প তৈরিতে কী কী লাগে—এসব বিষয়ে প্রশিক্ষণ দেন।
প্রশিক্ষণ শেষে কুইজের মাধ্যমে পাঁচ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার তুলে দেন চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি ফাহিম উদ্দিন, সহসভাপতি শিহাব জিশান ও যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন।
উৎসবের প্রাথমিক পর্যায়ে চট্টগ্রাম নগরের ২০টি বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত হবে বিজ্ঞানবিষয়ক কর্মশালা। এ ছাড়া আগামী ৮ এপ্রিল নগরের বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে জেলা শিল্পকলা একাডেমিতে বসবে বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী ও বিজ্ঞানবিষয়ক কুইজের আয়োজন।