চট্টগ্রামে শূন্য তাঁবু পাহারায় পুলিশ ও আনসার সদস্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা বৃষ্টিতে আবারও পাহাড়ধসের আশঙ্কা দেখা দিয়েছে। কিন্তু পাহাড়ের ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের জন্য স্থাপিত তাঁবু খাঁ খাঁ করছে। মানুষ নয়, এসব শূন্য তাঁবুর নিরাপত্তাই এখন প্রধান মাথাব্যথা হয়ে দেখা দিয়েছে। তাঁবু পাহারায় নিয়োগ করা হয়েছে পুলিশ ও আনসার সদস্যদের। প্রশাসন সূত্রে জানা গেছে, খাটানো তাঁবুতে এখনো কোনো ঝুঁকিপূর্ণ বাসিন্দারা বাস করছে না, যার কারণে গত কয়েক দিনে তাঁবু ও তাঁবু খাটানোর আনুষঙ্গিক জিনিসপত্র চুরি হয়ে যায়। তাই তাঁবুর নিরাপত্তাবিধানের জন্য অস্থায়ী আনসার ও পুলিশ ক্যাম্প বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি স্বীকার করে পাহাড় ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির বলেন, ‘আমরা এখন তাঁবুর নিরাপত্তা নিয়ে ব্যস্ত। তাঁবু পাহারায় আনসার ও পুলিশি সাহায্য চেয়েছি। আজকেই আনসার সদস্যরা সেখানে অস্থায়ী ক্যাম্প করবেন। ইতিমধ্যে দু-একটি তাঁবু ও আনুষঙ্গিক জিনিসপত্র চুরি হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আজ (গতকাল মঙ্গলবার) রাতের মধ্যে বিদ্যুতের সংযোগ দেওয়া হবে। এ ছাড়া তাঁবুর ভেতরে থাকার জন্য খাট বানানো হচ্ছে। এসব সুবিধা নিশ্চিত করার পর বৃষ্টির সময় অত্যধিক ঝুঁকিতে থাকা লোকজন এখানে এসে থাকবে বলে আমি মনে করি।’