চট্টগ্রামে শেষ দিনের হরতালে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের সঙ্গে সংঘর্ষ, চলন্ত ট্রেনে হামলা, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের মধ্য দিয়ে ১৮ দলীয় জোটের ডাকা দ্বিতীয় দিনের হরতাল চট্টগ্রামে পালিত হয়েছে। এসব ঘটনায় ১১ জন আহত হয়। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম নগরে ১৭ জন এবং সীতাকুণ্ডে দুজনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল হরতাল কর্মসূচি শেষ করে দলীয় নেতা-কর্মীরা বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবন এলাকা থেকে ঘরে ফিরে যাচ্ছিলেন। এ সময় উচ্ছৃঙ্খল যুবকেরা গাড়ি ভাঙচুর শুরু করলে পুলিশ ধাওয়া করে। একপর্যায়ে বিএনপির চার কর্মী আটক হন বলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মহিউদ্দিন জানিয়েছেন।স্থানীয় সূত্র জানায়, সীতাকুণ্ড উপজেলাধীন ভাটিয়ারী ইউনিয়নের জলিল গেট এলাকায় গতকাল সকাল ১০টায় হরতালের সমর্থনে ও বিরুদ্ধে পাল্টাপাল্টি মিছিল বের হয়। পুলিশ জানায়, সংঘর্ষে ফৌজদারহাট ফাঁড়ির এক সার্জেন্টসহ পুলিশের ছয় সদস্য আহত হন। সংঘর্ষের ঘটনায় তিন পিকেটারও আহত হয়। হরতাল-সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছোড়ে। সকালে জলিল গেট এলাকা থেকে বাবুল ও নুরুল হুদা নামের দুই পিকেটারকে আটক করেছে পুলিশ। গতকাল সকালে ফৌজদারহাট রেলস্টেশন ভাঙচুর ও লাইনে অগ্নিসংযোগ এবং বিকেলে ঢাকামুখী ময়মনসিংহ এক্সপ্রেসে ঢিল ছোড়ে হরতাল-সমর্থকেরা। এতে ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনকক্ষের জানালার কাচ ভেঙে ট্রেনচালক হাবিবুর রহমান আহত হন। এদিকে গতকাল চট্টগ্রামের হাটহাজারী উপজেলাধীন চৌধুরীহাট এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করের বিএনপির নেতা-কর্মীরা। এরপর একই স্থানে হরতালবিরোধী মিছিল বের করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় আওয়ামী লীগের মিছিলে ঢিল ছোড়া হলে একজন আহত হন। পুলিশ সূত্র জানায়, গতকাল সকালে নগরের পাহাড়তলী থানাধীন এ কে খান মোড় এলাকায় গাড়ি ভাঙচুরের চেষ্টা করা হলে তিন পিকেটারকে আটক করা হয়। সকাল সাড়ে নয়টার নগরের কোতোয়ালি থানাধীন সিরাজউদদৌলা সড়কে হরতালের সমর্থনে মিছিল বের করলে ১০ জনকে আটক করে পুলিশ।গতকাল দুপুর ১২টায় নগরের বহদ্দারহাট এলাকায় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। দুপুরে নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের অদূরে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এ ছাড়া আন্দরকিল্লা মোড় এলাকাতেও একটি ককটেলের বিস্ফোরণ ঘটে।