চট্টগ্রামে শেষ মুহূর্তে বন্ধ হলো একটি বাল্যবিবাহ
পুলিশ প্রশাসন ও স্থানীয় মানবাধিকার সংস্থার হস্তক্ষেপে চট্টগ্রামে শেষ মুহূর্তে একটি বাল্যবিবাহ বন্ধ হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের মোহরার একটি কমিউনিটি সেন্টারে ছিল নবম শ্রেণীর এক ছাত্রীর বিয়ে। বিয়ের লগ্ন ছিল রাত দুইটায়। কিন্তু পুলিশ মেয়ের অভিভাবককে এ বিয়ের ব্যাপারে সতর্ক করায় সন্ধ্যায় উভয় পরিবার বিয়ের অনুষ্ঠান থেকে বিরত থাকে। বিদ্যালয়ের সনদ অনুযায়ী ওই মেয়ের বয়স সাড়ে ১৪ বছর।জানা যায়, মেয়েটি চকবাজার এলাকার একটি বিদ্যালয়ের ছাত্রী। তার অভিভাবকেরা অনেকটা গোপনে রাউজান উপজেলার ময়দার মহাল এলাকার এক ছেলের সঙ্গে তার বিয়ে ঠিক করেন। ওয়ার্ড কাউন্সিলর ও ফাইট ফর উইম্যানস রাইটের চেয়ারম্যান রেহেনা বেগম বিষয়টি জানার পর চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করেন। এরপর পুলিশ তৎপর হয় এবং বিয়ের আয়োজন বন্ধ হয়।চান্দগাঁও থানার ওসি আবু জাফর মো. ওমর ফারুক বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর রেহেনা বেগম আমাকে বিষয়টি জানানোর পর আমি মেয়ের অভিভাবকদের বলে দিই, এ বিয়ে হলে উভয় পক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ কথা শুনে তাঁরা শেষ পর্যন্ত বিয়ে থেকে বিরত থাকেন।’