চট্টগ্রামে শেষ হলো বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত ১১ দিনব্যাপী বইমেলা গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। নগরের মুসলিম ইনস্টিটিউট প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হয়।
গতকাল বিকেলে মুসলিম ইনস্টিটিউটের উল্টো দিকে শহীদ মিনারের সামনে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিটি করপোরেশনের শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর আবিদা আজাদ, প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন। মঞ্চে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম ও শিক্ষা কর্মকর্তা সাইফুর রহমান।
সভায় বক্তারা বলেন, একটি সুন্দর ও জমজমাট বইমেলা আয়োজনে সিটি করপোরেশনের চেষ্টার কমতি ছিল না। আগামীবার আরও বড় পরিসরে বইমেলা আয়োজনের পরিকল্পনা আছে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
আলোচনা সভায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
চট্টগ্রাম সিটি করপোরেশন সূত্র জানায়, এবারের বইমেলায় স্টল ছিল ৫০টি। চট্টগ্রাম ছাড়াও ঢাকা থেকে বেশ কয়েকটি প্রকাশনাপ্রতিষ্ঠান মেলায় অংশ নেয়।
তবে এবারের বইমেলা নিয়ে হতাশা ব্যক্ত করেছেন মেলায় অংশ নেওয়া স্টলগুলোর বিক্রয়কর্মীরা। কয়েকজন বিক্রয়কর্মী বলেন, ছুটির দিনে মেলায় তুলনামূলকভাবে ভিড় থাকলেও অন্যান্য দিন প্রায় ফাঁকা ছিল। এতে বিক্রি হয়েছে কম।
গতবারের মতো এবারও চট্টগ্রামের বইমেলায় অংশ নিয়েছে প্রকাশনা প্রতিষ্ঠান প্রথমা প্রকাশন। প্রতিষ্ঠানটির বিক্রয় প্রতিনিধি মো. সোহেল হাসান জানান, ছুটির দিন শুক্রবার কিছুটা জমজমাট ছিল মেলা। কিন্তু অন্য দিনগুলোতে মেলায় তেমন বই বিক্রি হয়নি।
প্রকাশনা প্রতিষ্ঠান ইউপিএলের বিক্রয়কর্মী জানান, মেলা জমজমাট করার জন্য যে রকম পরিকল্পনা থাকার কথা ছিল, তার কিছুই দেখা যায়নি। দর্শনার্থীর অভাবে প্রায় প্রতিদিনই মেলা প্রাঙ্গণ ছিল খালি।
বাতিঘরের বিক্রয়কর্মী মো. আবদুল করিম বলেন, মেলাকে ঘিরে তেমন প্রচার-প্রচারণা ছিল না। ফলে একপ্রকার নীরবেই এবারের মেলা শেষ হলো।