চট্টগ্রাম ও আশপাশের এলাকায় মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে। নদ-নদী অববাহিকা কুয়াশায় ঢাকা পড়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রামে এ মৌসুমের সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সকাল ১০টা পর্যন্ত সূর্য ছিল কুয়াশায় ঢাকা। কুয়াশার কারণে জলপথে স্বাভাবিক নৌ-চলাচল ব্যাহত হয়। বেলা সাড়ে ১১টা পর্যন্ত সতর্কতার সঙ্গে নৌযান চলাচল করেছে। একই কারণে মাস্কাট থেকে আসা একটি বিমান (বিজি-০২২) চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ঢাকা বিমানবন্দরে চলে যায়। এই বিমানের ২২৫ জন যাত্রীর মধ্যে ১২২ জনই ছিলেন চট্টগ্রামের। চার ঘণ্টা পর অন্য একটি বিমানে ওই যাত্রীদের চট্টগ্রামে পাঠানো হয়। কুয়াশার মধ্যে নগরেও যানবাহন চলেছে সতর্কতার সঙ্গে। পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, দুই দিন ধরে চট্টগ্রাম ও আশপাশের এলাকায় মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চট্টগ্রামের সীতাকুণ্ড অঞ্চলে এর তীব্রতা সবচেয়ে বেশি। এর ফলে দিনের বেলায়ও কনকনে শীত অনুভূত হচ্ছে। কনকনে শীতে সবচেয়ে কষ্টকর দিন পার করছে রাস্তাঘাটের খেটেখাওয়া মানুষ। সূত্র জানায়, আরও দুই-তিন দিন এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। সেই সঙ্গে কুয়াশার আবরণও ছিল। এ ছাড়া জানুয়ারির মধ্যভাগে আরও একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।