চট্টগ্রামে শোক দিবসে আ.লীগের দুই পক্ষের আলাদা কর্মসূচি
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা শোক দিবসের কর্মসূচি আলাদাভাবে পালন করেছেন। নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সমর্থকেরা মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে শোকসভার আয়োজন করে। আধা কিলোমিটার দূরে মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল মাঠে সহসভাপতি ও কোতোয়ালি এলাকার সাংসদ নুরুল ইসলাম বিএসসির অনুসারীরা আয়োজন করেন আলাদা কর্মসূচির।দলীয় সূত্রে জানা গেছে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল সকালে মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে মহানগর আওয়ামী লীগ শোকসভার আয়োজন করে। মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, সহসভাপতি কে এম বেলায়েত হোসেন, আবদুর রশিদ, সুনীল সরকার, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম প্রমুখ। শোকসভায় যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়নের অঙ্গীকার করেন আওয়ামী লীগের নেতারা।দলের অন্য অংশ বিকেলে মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল মাঠে আলোচনা সভা ও কাঙালি ভোজের আয়োজন করে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কোতোয়ালি আসনের সাংসদ নুরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নগর আওয়ামী লীগের সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, নঈম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ, ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন, রেহেনা বেগম, রেখা আলম চৌধুরী প্রমুখ। সভায় দলের ভেতরের ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সতর্ক ও যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে জনগণকে সচেতন করে তুলতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। সভা শেষে গরিব-দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। অন্যান্য সংগঠনের কর্মসূচি: আওয়ামী লীগের দলীয় কর্মসূচির বাইরেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন ও শোভাযাত্রা বের করা হয়। চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়া চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, সিটি কলেজ ও ওমর গনি এমইএস কলেজে পৃথক আলোচনা সভার আয়োজন করা হয়। বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ নগরে শোক শোভাযাত্রা বের করে। বাংলাদেশ ওলামা লীগ নগর আওয়ামী লীগ কার্যালয়ে খতমে কোরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করে। চট্টগ্রাম মহানগর যুবলীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে।