চট্টগ্রামে শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত ১
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গতকাল বৃহস্পতিবার একটি বিদেশি মালিকানাধীন জুতা তৈরির কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। সংঘর্ষে পুলিশ সদস্যসহ ২০ জন আহত হন। ক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার যন্ত্র, পুলিশের দুটিসহ চারটি গাড়ি ভাঙচুর করেন।
আনোয়ারায় কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) অবস্থিত কর্ণফুলী শু ইন্ডাস্ট্রিজে (কেএসআই) বেতন নিয়ে সংঘর্ষের সূত্রপাত। নিহত নারীশ্রমিকের নাম পারভীন আক্তার। দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সংঘর্ষ চলে।
পুলিশ সূত্র জানায়, বেতনকাঠামো নিয়ে শ্রমিকদের বিক্ষোভ ঠেকাতে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। শ্রমিকেরাও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের সময় পারভীন আক্তারের মাথায় গুলি লাগে। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পারভীনের বাড়ি আনোয়ারার বারাশাত ইউনিয়নের গুনদিপ পাড়ায়। সংঘর্ষে আহত ২০ জনের মধ্যে তিন পুলিশসহ ১৪ জনকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে জাহাঙ্গীর নামের এক গুলিবিদ্ধ শ্রমিকও রয়েছেন।
কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, মজুরি বোর্ড ঘোষিত নতুন স্কেল অনুযায়ী বেতন হয়নি দেখে তাঁরা বিক্ষোভ শুরু করেন। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বিক্ষোভ ও সংষর্ষকালে দুটি গাড়িতে করে কারখানাটির কর্মকর্তারা ইপিজেড এলাকা ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করলে শ্রমিকেরা তাঁদের গাড়িতে হামলা চালান। সংঘর্ষকালে কারখানার দক্ষিণে একটি ঝুটের স্তূপে আগুন দিলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কিছু জুতা ও জুতা তৈরির সামগ্রীও লুটপাট হয়।
কেএসআই কর্তৃপক্ষ জানায়, সরকারঘোষিত নতুন পে স্কেল অনুযায়ী গতকাল শ্রমিকদের মাসিক বেতন দেওয়ার প্রস্তুতি চলছিল। সে অনুযায়ী শ্রমিকদের পে স্লিপ দেওয়া হয়। কিন্তু কিছু শ্রমিক তাঁদের নতুন বেতনকাঠামো অনুযায়ী পে স্লিপ সম্পর্কে আপত্তি জানায়। কর্তৃপক্ষ ওই শ্রমিকদের নতুন বেতনকাঠামোর বিভিন্ন খাতের বর্ণনা দিলে তাঁরা কাজে ফিরে যান। এ সময় কিছু বহিরাগত ও কিছু শ্রমিক বিক্ষিপ্তভাবে কারখানায় ভাঙচুর করেন। তাঁরা অন্য শ্রমিকদের কাজে যোগদান থেকে বিরত থাকতে বাধ্য করেন। বহিরাগত সন্ত্রাসীরা কারখানায় ঢুকে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। তারা বেশ কয়েকজন কর্মকর্তার ওপরও হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ও র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কারখানা কর্তৃপক্ষ দাবি করেছে।
শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক তোফায়েল আহমেদ মিয়া বলেন, বেতন নিয়ে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। তাঁরা আগে যে টাকা পেতেন, এখন এর চেয়ে কম পান বলে অভিযোগ করেন। ঘটনাস্থলে প্রথমে কর্ণফুলী থানার পুলিশ যায়। তখন পুলিশের ওপর তাঁরা হামলা করেন।’
কর্ণফুলী থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, ‘শ্রমিকেরা পুলিশের ওপর হামলা করলে পুলিশ গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। একজনের মৃত্যুর খবর শোনা যাচ্ছে।’