চট্টগ্রামে শ্রমিক বিক্ষোভ, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া মজুরির দাবিতে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের আমিন জুট মিলের শ্রমিকেরা সড়ক ও রেলপথ অবরোধ করেছেন। কারখানা কর্তৃপক্ষ বকেয়া মজুরি পরিশোধের আশ্বাস দেওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর শ্রমিকেরা অবরোধ তুলে নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বকেয়া মজুরির দাবিতে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে কারখানার শ্রমিকেরা রাস্তায় নেমে আসেন। তাঁরা সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে, আবার কোথাও খড়কুটো স্তূপ করে আগুন ধরিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার ভেতর দিয়ে যাওয়া চট্টগ্রাম–নাজিরহাট রেলপথেও অবস্থান নেন। এতে নগর থেকে হাটহাজারীগামী একটি তেলবাহী ট্রেন কারখানার ভেতরে আটকা পড়ে। সড়ক অবরোধের কারণে চট্টগ্রাম নগরের অক্সিজেন-মুরাদপুর সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশের উপকমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ প্রথম আলোকে বলেন, পুলিশ তৎপর থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। কারখানা কর্তৃপক্ষ বকেয়া মজুরি পরিশোধের আশ্বাস দিলে দুপুর ১২টার দিকে শ্রমিকেরা কর্মসূচি থেকে সরে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধ তুলে নেওয়ার পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায় এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
কারখানা সূত্র জানায়, গত ঈদুল ফিতরের আগ থেকে আমিন জুট মিলের শ্রমিকদের মজুরি পরিশোধ অনিয়মিত হয়ে পড়ে। কারখানার উৎপাদিত সামগ্রীর চাহিদা না থাকায় উৎপাদন এক-তৃতীয়াংশে নেমে আসে। এ কারণে কারখানার স্থায়ী ২ হাজার ২০০ জনসহ প্রায় সাড়ে চার হাজার শ্রমিকের নয় সপ্তাহের মজুরি দিতে পারেনি কর্তৃপক্ষ।
আমিন জুট মিলের সিবিএর সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা বকেয়া মজুরি দিতে কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছি। কিন্তু কর্তৃপক্ষ দাবির প্রতি সাড়া না দেওয়ায় আমরা রাস্তায় নেমে আসতে বাধ্য হই।’ তিনি আরও বলেন, ‘নয় সপ্তাহের মজুরি বকেয়া থাকায় আমাদের সংসার চালাতে কষ্ট হচ্ছে।’
আমিন জুট মিলের ব্যবস্থাপক (প্রশাসন) কামরুল ইসলাম বলেন, ‘কারখানার উৎপাদনক্ষমতা ৫৮ মেট্রিক টন। কিন্তু চটের বস্তার চাহিদা কমে যাওয়ায় উৎপাদন ১৮ মেট্রিক টনে নেমে এসেছে। এ কারণে কারখানা পরিচালনায় আমরা সমস্যায় পড়েছি।’ তিনি বলেন, ‘উৎপাদিত পণ্য বিক্রি না হলে শ্রমিকদের মজুরি নিয়মিতভাবে পরিশোধ করা অসম্ভব। সরকার এগিয়ে না এলে কারখানার তহবিল থেকে শ্রমিকদের পাওনা পরিশোধ করতে পারব না। এরপরও আমরা আগামী রোববার এক সপ্তাহের মজুরি পরিশোধের সিদ্ধান্ত নিয়েছি।’
পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ: অগ্রিম বেতনের দাবিতে গতকাল বিকেলে প্রায় আধাঘণ্টা বায়েজিদ সড়ক অবরোধ করেছেন ক্যালভিন ফ্যাশন নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা।
গত মাসের বেতন ও বোনাসের সঙ্গে চলতি মাসের প্রথম ১৫ দিনের বেতনের দাবিতে নগরের বেবি সুপার মার্কেটের সামনে তাঁরা সড়ক অবরোধ করেন। পরে মালিক-শ্রমিক ও পুলিশের ত্রিপক্ষীয় বৈঠকে সমঝোতা হওয়ায় শ্রমিকেরা অবরোধ তুলে নেন।
খুলশী থানার ওসি নিজাম উদ্দিন বলেন, মালিকপক্ষ দাবি মেনে নেওয়ায় শ্রমিকেরা অবরোধ তুলে নেন।