চট্টগ্রামে শ্রমিক বিক্ষোভ
লাইটার জাহাজে পণ্য বোঝাইয়ের কাজে নিয়োগ দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। গতকাল রোববার সকালে ‘কোস্টার হ্যাজ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন’-এর ব্যানারে তাঁরা এই বিক্ষোভ করেন। প্রায় দুই ঘণ্টা পর লাইটারেজ ঠিকাদার মালিক সমিতির আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন শ্রমিকেরা।
গতকাল বেলা সাড়ে ১১টায় মাঝিরঘাট এলাকায় বন্দর লাইটারেজ ঠিকাদার সমিতির কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এ সময় দ্বিতীয় শ্রম আদালত চট্টগ্রাম-এ দেওয়া রায় কার্যকর ও ২০০৫ সালে মালিক সমিতির সঙ্গে শ্রমিকদের চুক্তি বাস্তবায়নের দাবি জানানো হয়।
কোস্টার হ্যাজ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জেবল হক জানান, বন্দরের বহির্নোঙরে থেকে ক্রেনের সাহায্যে বড় জাহাজ থেকে লাইটার জাহাজে পণ্য স্থানান্তর করা হয়। এসব পণ্য জাহাজে ঠিকমতো রাখার কাজ করতেন কোস্টার হ্যাজ শ্রমিকেরা। ২০০৭ সালে তাঁদের এ কার্যক্রম থেকে বাদ দেওয়া হয়। এরপর আইনি লড়াই চালিয়ে কিছুদিন আগে এই কাজে পুনর্বহালের আদেশ পান তাঁরা। কিন্তু লাইটারেজ ঠিকাদার মালিক সমিতি তাদের এ কাজে নিয়োগ দিচ্ছে না।