চট্টগ্রামে শ্রমিক বিক্ষোভ, সোয়েটার কারখানা বন্ধ
চট্টগ্রাম নগরের কালুরঘাট শিল্প এলাকায় শ্রমিক বিক্ষোভের পর একটি সোয়েটার কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। পিস রেট বাড়ানোর দাবিতে গতকাল সোমবার সকাল থেকে আজিম গ্রুপের গ্লোবাল সোয়েটার ফ্যাক্টরি নামের ওই কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন।শিল্পপুলিশের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পুলিশ সুপার রেজাউল মাসুদ জানান, ‘ওই কারখানায় শ্রমিকেরা পিস রেট (প্রতিটি সোয়েটার তৈরি) বাড়ানোর দাবিতে কিছু শ্রমিক সমস্যা করছিল। কর্তৃপক্ষ বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে কারখানা বন্ধ করে দেয়।’ পুলিশ ও বিজিএমইএ সূত্রে জানা গেছে, সোয়েটারপ্রতি মজুরি বাড়ানোর দাবিতে গত রোববার শ্রমিকেরা ধর্মঘট করে। এরপর মালিকপক্ষ ও বিজিএমইএ নেতারা তাঁদের সঙ্গে বৈঠক করে কাজে যোগ দেওয়ার পরামর্শ দেন। আলোচনার পর গতকাল সোমবার ৭৫ শতাংশ শ্রমিক কাজে যোগ দেন। কিন্তু দুপুরে বিরতির সময় শ্রমিকেরা বের হলে কাজে যোগ না দেওয়া কিছু শ্রমিক তাঁদের বাধা দেন।