চট্টগ্রামে শ্রমিক বিক্ষোভের ঘটনায় তিনটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) শ্রমিক বিক্ষোভের ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করেছে। প্রতিটি মামলায় ৩০ জনের নাম-ঠিকানা উল্লেখসহ ২৫-৩০ হাজার লোককে আসামি করা হয়েছে। নাম-পরিচয় উল্লেখ করা ওই আসামিদের গত রোববার শ্রমিক বিক্ষোভ চলাকালে গ্রেপ্তার করা হয়। তাঁরা সবাই সিইপিজেডের শ্রমিক। বর্তমানে তাঁরা কারাগারে আছেন।তিন মামলার মধ্যে একটি দ্রুত বিচার, একটি হত্যা এবং অন্যটি পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার আইনে করা হয়। চট্টগ্রাম নগর পুলিশের বন্দর অঞ্চলের উপকমিশনার কুসুম দেওয়ান তিনটি মামলায় ২৫-৩০ হাজার জনকে আসামি করার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে বিশেষ অভিযান চালানো হবে।নতুন বেতনকাঠামো নিয়ে দুই দিনের শ্রমিক বিক্ষোভের পর গতকাল সিইপিজেডের কারখানাগুলো খুলে দেওয়া হয়। তবে শ্রমিক উপস্থিতি ছিল কম। সিইপিজেডের প্রবেশমুখ ও ভেতরে বিভিন্ন স্থানে ছিল পুলিশের কড়া পাহারা। ইয়াংওয়ান করপোরেশনের কারখানায় শ্রমিক অসন্তোষ থেকে গত শনিবার এ ঘটনার সূত্রপাত হয়। নতুন বেতনকাঠামোয় নতুন ও পুরোনো শ্রমিকদের বেতন-বৈষম্যের অভিযোগ এনে ইয়াংওয়ানের কয়েকটি কারখানায় ভাঙচুর করেন শ্রমিকেরা। এ ঘটনার রেশ ধরে রোববার শ্রমিক-পুলিশ সংঘর্ষে তিনজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়।বেতন-ভাতা না পেয়ে গতকাল সকালে চিটাগাং ফ্যাশন, চিটাগাং প্রেজেন্টেশন, গ্লোব টেক্সটাইল লিমিটেড ও এক্সেলসিওর সুজ কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। এসব কারখানার মালিকপক্ষ আজ মঙ্গলবারের মধ্যে মজুরি পরিশোধের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। প্রথম তিনটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা বেরিয়ে যান।সিইপিজেডের মহাব্যবস্থাপক এস এম আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, যে চার কারখানায় শ্রমিক অসন্তোষ ছিল, তা মিটিয়ে ফেলা হয়েছে। কিছু কারখানা বন্ধ পেয়ে শ্রমিকেরা একটু উত্তেজিত ছিলেন। বেতন নিয়ে অনেকে চলে গেছেন। মঙ্গলবার (আজ) থেকে সব কারখানা চালু হবে। সিইপিজেডের ঘটনায় দায়ের করা তিনটি মামলায় শ্রমিকদের আসামি করায় আবারও শ্রম অসন্তোষ দেখা দিতে পারে কি না, জানতে চাইলে সিইপিজেডের মহাব্যবস্থাপক বলেন, ‘আসামিদের তালিকা আমি পাইনি।’নিহত ব্যক্তিদের পরিচয় মিলেছে: রোববার সিইপিজেডে সংঘর্ষ চলাকালে নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁদের একজন কোরীয় প্রতিষ্ঠান ইয়াংওয়ান পোশাক কারখানার শ্রমিক মো. মঞ্জু (২২)। বাকিদের একজন ইলেকট্রিক মিস্ত্রি মো. মিলন (২৮) ও দিনমজুর মো. বেলাল (২২)।