চট্টগ্রামে শ্রীকান্ত ও শুভমিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুরের ঝরনাধারায় মাতাতে চট্টগ্রাম এসেছেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্য্য ও শুভমিতা ব্যানার্জি। তাঁরা আজ শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সংগীত পরিবেশন করবেন।
দর্শনীর বিনিময়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছে আনন্দসংগীত অঙ্গন। দুই সংগীতশিল্পীসহ ১৪ জনের একটি দল গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এসে পৌঁছায়। বিকেলে শ্রীকান্ত ও শুভমিতা নগরের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
শ্রীকান্ত বলেন, ‘আমি আর শুভমিতা দ্বিতীয়বারের মতো কাল (আজ) কোনো মঞ্চে একসঙ্গে গান করব। এর আগে গত বছর আমেরিকায় একটি অনুষ্ঠানে এক সঙ্গে গান করেছি। ওটাও প্রবাসী বাংলাদেশিরা আয়োজন করেছিল।’
বাংলাদেশের দর্শক-শ্রোতাদের প্রশংসা করে শুভমিতা বলেন, ‘বাংলাদেশে এসে গান গাইলে আড়াই ঘণ্টা তিন ঘণ্টা কীভাবে যে কেটে যায় তা বুঝতে পারি না।’
বাংলা গানের আরও আদান-প্রদান বাড়ানোর ওপর জোর দেন দুই শিল্পী। শ্রীকান্ত বলেন, ‘রবীন্দ্রসংগীতের অনেক শিল্পী কলকাতায় যান। কিন্তু অন্যান্য ক্ষেত্র বিশেষ করে লোকসংগীত, আধুনিক গানের শিল্পীদের সেভাবে কলকাতায় দেখতে পাই না। অথচ তাঁরা অসাধারণ গান করেন।’
চট্টগ্রাম এসে দুই শিল্পীই কক্সবাজার যেতে না পারার আক্ষেপ করছেন। তাঁরা জানান, শুধু শুনেছেন আর ছবিতে দেখেছেন কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত। এত কাছে এসেও তা দেখতে না পারার যন্ত্রণা তাঁদের পোড়াচ্ছে।