চট্টগ্রামে সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আবদুল্লাহপুর গ্রামে এক সংখ্যালঘু (হিন্দু) পরিবারকে বসতঘর নির্মাণে স্থানীয় সন্ত্রাসীরা বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে৷
৭ মে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চিহ্নিত সন্ত্রাসীরা ওই সংখ্যালঘু পরিবারের ওপর হামলা ও লুটপাট করে বলে জানা গেছে৷ এখন পরিবারের সদস্যরা পালিয়ে বেড়াচ্ছেন৷
গতকাল বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন পরিবারের সদস্যরা৷ লিখিত বক্তব্য পাঠ করেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য রূপণ রায়৷ এ অবস্থায় তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং মানবেতর জীবন যাপন করছেন বলে জানান৷
সংবাদ সম্মেলনে রূপণ রায়ের বাবা রণজিৎ রায় জানান, চলতি বছরের শুরুতে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী ফজলুল আজিম চৌধুরী, আবু জাফর চৌধুরী, আলমগীর চৌধুরী, মামুন চৌধুরীসহ কয়েকজন তাঁদের ঘর নির্মাণে বাধা দেয়৷ এ জন্য তারা চাঁদা দাবি করে বলে অভিযোগ করা হয়৷ এ নিয়ে ফটিকছড়ি থানায় সাধারণ ডায়েরি করা হয়৷ এতে সন্ত্রাসীরা আরও ক্ষিপ্ত হয়ে ৭ মে হামলা চালায়৷ এ সময় রূপণ রায়সহ কয়েকজনকে মারধর করে তারা৷