চট্টগ্রামে সংগীতশিল্পী রবি চৌধুরীকে হত্যার হুমকি!
সংগীতশিল্পী রবি চৌধুরীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নামধারী ক্যাডার মামুনুর রশিদ ওরফে মামুনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রবি চৌধুরী চট্টগ্রামের কোতোয়ালি থানায় এই জিডি করেন। জিডিতে উল্লেখ করা হয়, বুধবার দিবাগত রাত একটায় চিটাগাং ক্লাব থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় ক্লাবের গেস্টহাউসের সামনে মামুনুর রশিদ রবি চৌধুরীকে বাধা দেন। এ সময় মামুনুর রশিদ রবি চৌধুরীকে বলেন, ‘আমাকে কিছু টাকা দে।’ টাকা দিতে না চাইলে মামুনুর রশীদ অশ্লীল ভাষায় রবি চৌধুরীকে গালাগাল করেন।রবি চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমি চিটাগাং ক্লাব থেকে বের হয়ে গাড়িতে ওঠার মুহূর্তে পেছন থেকে কেউ একজন “তুই” বলে ডাক দেন। আমি পেছনের দিকে তাকিয়ে মামুনুর রশিদকে মদ্যপ অবস্থায় দেখতে পাই। তিনি আমাকে গালাগাল করেন। এরপর পিস্তল বের করে হত্যার হুমকি দেন। পরে মামুনুর রশিদের সহযোগীরা তাঁকে সরিয়ে নেন।’কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, ‘রবি চৌধুরীর অভিযোগ আমরা তদন্ত করে দেখছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’এদিকে রবি চৌধুরীকে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে মামুনুর রশিদ দাবি করেন, ‘ও (রবি চৌধুরী) তো আমার বন্ধু। অনেক দিন পর বুধবার রাতে তাঁর সঙ্গে আমার দেখা হয়। সঙ্গে অন্য বন্ধুরাও ছিল। আমি তাঁর সঙ্গে দুষ্টুমি করেছিলাম। সেটা হয়তো সে বন্ধুসুলভভাবে নেয়নি।’