চট্টগ্রামে সংগ্রাম কমিটি গঠনে বিএনপির সভা
২৫ অক্টোবর থেকে চট্টগ্রামের রাজপথ ‘নিয়ন্ত্রণে নিতে’ প্রতিটি ওয়ার্ডে সংগ্রাম কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবি আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম কমিটি মাঠে থাকবে। গত রোববার রাতে বিএনপির নগর শাখার সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর মেহেদীবাগের বাসভবনে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, বিএনপির নগর শাখার সহসভাপতি সামশুল আলম ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনসহ ১১টি থানা এবং বিএনপির ৪১টি ওয়ার্ড শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।
সভায় ঈদের পর সরকারবিরোধী আন্দোলন সফল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সভায় জরুরিভিত্তিতে নগরের প্রতিটি ওয়ার্ড ও ভোটকেন্দ্রভিত্তিক সংগ্রাম কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতনই হচ্ছে একমাত্র লক্ষ্য।’ তৃণমূল নেতারা জানান, ঈদের ছুটির পরই সংগ্রাম কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করা হবে। কারণ, অনেকে বাড়িতে চলে গেছে।
জানতে চাইলে আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ২৫ অক্টোবর থেকে সবাইকে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেই ওয়ার্ডভিত্তিক সংগ্রাম কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্র থেকে আসা নির্দেশনার ভিত্তিতে তৃণমূলের নেতারা কাজ করবেন।