চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা শাহি জামে মসজিদের সামনে শুক্রবার দুপুরে সংঘর্ষের ঘটনায় কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। পুলিশ গত শুক্রবার ওই জিডি করে। শুক্রবার সংঘর্ষের সময় আটক হেফাজত ইসলামের এক কর্মীকে পুলিশ মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছে।কোতোয়ালি থানার কর্তব্যরত কর্মকর্তা জানান, আন্দরকিল্লা মসজিদের সামনে সংঘর্ষের ঘটনায় কোনো মামলা হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে একটি জিডি হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশে হেফাজত ইসলামের কর্মী আতাউর রহমানকে মুচলেকা নিয়ে আমরা ছেড়ে দিয়েছি।পবিত্র কোরআনবিরোধী নারী উন্নয়ন নীতিমালা, হাইকোর্টে ফতোয়াবিরোধী রায় ও ধর্মহীন শিক্ষানীতি বাতিলের দাবিতে কাল সোমবারের হরতালের সমর্থনে হেফাজত ইসলাম গত শুক্রবার দুপুরে আন্দরকিল্লা শাহি জামে মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে হেফাজতের সংঘর্ষ বেধে যায়। এ ঘটনায় নয়জন পুলিশসদস্যসহ ১৫ জন আহত হন।