চট্টগ্রামে সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪
চট্টগ্রাম নগরের বায়েজীদ বোস্তামী শেরশাহ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের সমর্থক দুই গ্রুপের সংঘর্ষে এক রিকশাচালক নিহতের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাঁরা পুলিশের কাছে স্বীকার করেছেন, আওয়ামী লীগ-সমর্থক মেহেদী হাসান বাদল ও আবদুল কুদ্দুসের মধ্যে এলাকায় চাঁদাবাজি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। ওই ঘটনায় মিরাজ হোসেন নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। প্রায়ই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।
এদিকে হত্যার ঘটনায় রিকশাচালকের বাবা আমিনুল হক বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ২০ থেকে ২৫ জনকে আসামি করে বায়েজীদ বোস্তামী থানায় একটি মামলা দায়ের করেছেন গতকাল বৃহস্পতিবার।
বায়েজীদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল চন্দ্র বণিক প্রথম আলোকে জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় বুধবার রাতে এক রিকশাচালক নিহত এবং চারজন আহত হয়েছে। জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
পুলিশ জানায়, শেরশাহ এলাকায় মেহেদী হাসান বাদল ও আবদুল কুদ্দুস চাঁদাবাজি নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার করতে প্রায়ই সংঘর্ষে লিপ্ত হতো। মেহেদীর অন্যতম সহযোগী ছিল আনোয়ার এবং কুদ্দুসের সহযোগী আলাউদ্দিন। মঙ্গলবার রাতে আনোয়ারের ছোট ভাই আলাউদ্দিনের এলাকায় নিমার্ণাধীন একটি ভবন থেকে চাঁদা তুলতে এলে তাকে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনার জের ধরে দুই গ্রুপের মধ্যে বুধবার রাতে সংঘর্ষ বাধে। সংঘর্ষে গোলাগুলির ঘটনাও ঘটে। মিরাজ হোসেন নামের এক রিকশাচালক নিহত হন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় লোকজন জানান, দুই গ্রুপের লোকজন প্রকাশ্যে অস্ত্র নিয়ে বন্দুকযুদ্ধে লিপ্ত হয় শেরশাহের পাহাড়ি এলাকায়। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা সটকে পড়ে। এলাকায় আধিপত্য বজায় রাখতে তারা অস্ত্র নিয়ে মহড়া দেয়।
মেহেদী হাসান ও আবদুল কুদ্দুসের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।