চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উপমন্ত্রী কুও ইয়ে জো বলেছেন, চীন অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না। আঞ্চলিক কোনো বিষয়েও প্রভাব বিস্তার করতে চায় না।
গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরের একটি হোটেলে ছয় সদস্যের চীনা প্রতিনিধিদলের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে কুও ইয়ে জো এ কথা বলেন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম এ অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে ইয়ে জো বলেন, ‘চীন ও বাংলাদেশের সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবস্থানে আছে।’
চীনা এই নেতা পারস্পরিক সম্পর্কের ওপর জোর দিয়ে বলেন, ‘বিসিআইএম (বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমারকে নিয়ে আঞ্চলিক সহযোগিতা ফোরাম) অর্থনৈতিক করিডর হবে পারস্পরিক উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ অংশ। বিসিআইএম দেশগুলোর মধ্যে দৃঢ় ও সামগ্রিক কর্মকাণ্ডের জন্য স্থল ও নৌ যোগাযোগ বৃদ্ধি করতে চাই।’
আগামী পাঁচ বছরে দক্ষিণ এশিয়ায় চীন তিন হাজার কোটি ডলার বিনিয়োগ করবে। এ সময়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর ১০ হাজার শিক্ষার্থীকে বৃত্তি ও পাঁচ হাজার জনকে প্রশিক্ষণ বৃত্তি দেওয়া হবে বলেও জানান সিপিসির এই নেতা।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক অনুপম সেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সিডিএর চেয়ারম্যান।
এর আগে সকালে প্রতিনিধিদলের সদস্যরা চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ক্যাম্পাস পরিদর্শন করেন।