চট্টগ্রামে সকালের জলাবদ্ধতায় দুর্ভোগ
বুধবার রাত থেকেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছিল। গতকাল বৃহস্পতিবার ভোরে তা ভারী বর্ষণে রূপ নেয়। চট্টগ্রাম নগরের বেশ কিছু এলাকায় তা সাময়িক জলাবদ্ধতার কারণ হয়ে দাঁড়ায়। কাজের জন্য সকালে ঘর থেকে বের হওয়া মানুষের বিড়ম্বনা বাড়ায় এই জলাবদ্ধতা। তবে বেলা ১১টার পর রাস্তা থেকে পানি সরে যায়।
বৃষ্টি ও জলাবদ্ধতায় ব্যাহত হয় যান চলাচল, যা দুর্ভোগ বাড়ায় নগরবাসীর। আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এবং সাগরে ৩ নম্বর বিপৎসংকেতের কারণে এই বৃষ্টিপাত হয়েছে। আজ শুক্রবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
গতকালের বৃষ্টিতে সকালে নগরের মুরাদপুর, শুলকবহর, বাকলিয়া, চকবাজার, ২ নম্বর গেট, মোহাম্মদপুর, আগ্রাবাদের সরকারি কমার্স কলেজ এলাকা, আগ্রাবাদ আবাসিক এলাকা, আগ্রাবাদ এক্সেস সড়ক, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনের এলাকা ও প্রবর্তক মোড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। জলাবদ্ধতার কারণে যানবাহনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কম ছিল। রিকশাচালকেরা যেকোনো দূরত্বের ভাড়া স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ হাঁকেন। যাত্রীদেরও নিরুপায় হয়ে তাতে চড়তে হয়।
ওমর ফারুক নামের এক রিকশাচালক জানান, সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিডিএ অ্যাভিনিউর মুরাদপুর এলাকায় কোমরসমান পানি জমে যাওয়ায় গাড়ি চালাতে কষ্ট হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে ২ নম্বর গেট মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্য মো. মাজেদ বলেন, ‘কিছুক্ষণ আগে পানি নেমে গেছে। তবে এর আগে সড়কে কোমরসমান পানি জমে ছিল। ওই সময় যান চলাচল ব্যাহত হয়।’
তবে চট্টগ্রাম সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী সুদীপ বসাকের দাবি, গতকালের বৃষ্টিতে কোথাও জলাবদ্ধতা হয়নি। তবে কিছু কিছু এলাকায় সড়কে পানি উপচে পড়েছে। আর যেসব এলাকায় পানি জমেছে, তা আধা ঘণ্টার মধ্যে সরে গেছে।
পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহীন উল ইসলাম প্রথম আলোকে জানান, বুধবার বেলা তিনটা থেকে বৃহস্পতিবার বেলা তিনটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯৮ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।