
সাত সপ্তাহের বকেয়া মজুরির দাবিতে গতকাল মঙ্গলবার প্রায় ছয় ঘণ্টা নগরের হাটহাজারী সড়ক ও রেলপথ অবরোধ করেন আমিন জুট মিলের শ্রমিকেরা। ফলে সীমাহীন দুর্ভোগে পড়তে হয় ওই সড়কে চলাচলকারী যাত্রীদের। অবরোধের সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত পাঁচ শ্রমিক আহত হন।
আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁরা হলেন খালেদা বেগম, আবদুল মালেক ও নাজমা আক্তার। অপর দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত অবরোধ চলার পর তিন সপ্তাহের মজুরি ও বোনাসের আশ্বাস পেয়ে তাঁরা অবরোধ তুলে নেন। এর আগে শ্রমিকেরা মিলে ব্যাপক ভাঙচুর করেন। তাঁরা মিলের কর্মকর্তাদের কক্ষ থেকে বের হতে দেননি। এই মিলে প্রায় ছয় হাজার শ্রমিক কর্মরত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল নয়টা থেকে শ্রমিকেরা সড়কে টায়ার জ্বালিয়ে এবং রেললাইনের পরিত্যক্ত স্লিপার (কাঠ) ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেন। এর ফলে সড়কটির দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১১টার দিকে পুলিশ অবরোধ তুলে দিতে চাইলে একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়েন শ্রমিকেরা। পুলিশও শ্রমিকদের ধাওয়া দেয়। এ সময় শ্রমিকেরা পদ্মা অয়েলের একটি তেলের লরিও ভাঙচুর করেন।
মো. ফয়সাল ও মো. আবু হানিফ নামের দুই শ্রমিক বলেন, সাত সপ্তাহের মজুরি বকেয়া। আজ (গতকাল) দুই সপ্তাহের মজুরি দেওয়া হচ্ছিল। তাঁরা তা না নিয়ে রাস্তায় নেমে আসেন।
গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে নগরের মুরাদপুর থেকে হাটহাজারীতে যাওয়া যায়। আকস্মিক অবরোধের কারণে দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। অনেকক্ষণ অপেক্ষার পরও সড়ক সচল না হওয়ায় লোকজন পায়ে হেঁটে গন্তব্যে ছুটতে থাকে।
জনি নাথ নামে এক যুবক তাঁর পাঁচ বছরের শিশুকে নিয়ে হেঁটে অবরোধ এলাকা পার হচ্ছিলেন। তিনি বলেন, রাঙামাটি যাওয়ার জন্য গাড়িতে উঠেছিলেন। কিন্তু অবরোধের কারণে নেমে যেতে হয়েছে।
শ্রমিকেরা ওই পথ দিয়ে সাইকেল পর্যন্ত চলতে দেননি। বেলা দুইটার দিকে মুরগিবাহী একটি রিকশাভ্যান মুরাদপুরের দিকে আসছিল। আমিন জুট মিল মোড়ে সেটি উল্টে দেওয়ায় অন্তত ৩০টি মুরগি মারা যায়।
মিলের ভেতর দিয়ে যাওয়া রেললাইনের ওপর গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন শ্রমিকেরা। তবে এ জন্য বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন ও নাজিরহাটগামী ট্রেনের সূচির কোনো সমস্যা হয়নি বলে জানান ষোলশহর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. শাহাবুদ্দিন।
বেলা দুইটার দিকে পুলিশ, মিল কর্তৃপক্ষ ও শ্রমিকদের যৌথ বৈঠক হয়। পরে শ্রমিকেরা তিন সপ্তাহের মজুরি ও বোনাসের আশ্বাসে অবরোধ তুলে নেন। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, শ্রমিকেরা তিন সপ্তাহের মজুরি ও বোনাসের আশ্বাস মেনে নিয়েছেন।