চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছে।
আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, হাটহাজারীর ইসলামিয়া হাট এলাকায় গতকাল বেলা পৌনে দুইটার দিকে সড়ক পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মো. শাওন চৌধুরী (১১) নামের এক স্কুলছাত্র নিহত হয়। শাওন ফটিকছড়ির পূর্ব ভূজপুর এলাকার চৌধুরী বাড়ির বেলাল চৌধুরীর ছেলে।
হাটহাজারীর অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কে গতকাল বেলা দুইটার দিকে ট্রাকের ধাক্কায় মা ও ছেলেসহ তিনজন গুরুতর আহত হয়। তারা হলো পারভীর আক্তার (৩৫) এবং তাঁর ছেলে মোহাম্মদ হোসেন (৩) ও মোহাম্মদ সাকিব (৬)।
চমেক পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এএসআই পঙ্কজ বড়ুয়া জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।