চট্টগ্রামে সন্ত্রাস-নৈরাজ্য বন্ধে যুব স্কোয়াড গঠনের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস-নৈরাজ্য বন্ধে ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে নগরের প্রতিটি ওয়ার্ডে ‘যুব স্কোয়াড’ গঠনের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মহানগর যুবলীগ। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি চন্দন ধর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধীদের বিচারকাজ চলছে। এখন পর্যায়ক্রমে রায় ঘোষণা শুরু হয়েছে। তাই যুদ্ধাপরাধীদের রক্ষায় তাদের দোসরেরা রাষ্ট্রবিরোধী কার্যকলাপে লিপ্ত হয়েছে। সম্প্রতি ফটিকছড়িতে হরতালবিরোধী মিছিলে জামায়াত-শিবির হামলা চালিয়েছে দাবি করে চন্দন ধর বলেন, ফটিকছড়িতে মধ্যযুগীয় কায়দায় মানুষ হত্যা করা হয়েছে। তারা শুধু সরকার নয়, রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে মাঠে নেমেছে। চন্দন ধর বলেন, ‘জনগণের পাশে থেকে আমরা ব্যবসাপ্রতিষ্ঠান, শিল্প-কারখানা, বন্দর, শিক্ষাপ্রতিষ্ঠান ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখব। যেখানেই সহিংসতার আশঙ্কা হবে, সেখানেই বহিরাগত সন্ত্রাসীদের প্রতিহত করব। নগরের প্রতিটি ওয়ার্ডে সক্রিয় থাকবে যুব স্কোয়াড।’ সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আলতাফ হোসেন চৌধুরী ও মহানগর যুবলীগের সহসভাপতি সাবেতুর রহমান।