চট্টগ্রামে সন্ত্রাসী শিপন গণপিটুনির শিকার
চট্টগ্রাম নগরের মেয়র গলি এলাকায় গত শনিবার রাতে সন্ত্রাসী ফোরকানউদ্দিন ওরফে শিপনকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা। তিনি ফটিকছড়ির শিপন বাহিনীর প্রধান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওমর ফারুকের ওপর হামলার সময় শিপন জনতার হাতে ধরা পড়েন। ওমর তাঁর বাবা ফটিকছড়ির মুক্তিযোদ্ধা শফিউল আলম চৌধুরী হত্যা মামলার অন্যতম সাক্ষী। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শিপন শনিবার রাতে মেয়র গলিতে আচমকা হামলা চালান ওমর ফারুকের ওপর। এ সময় আশপাশের লোকজন ছুটে গিয়ে শিপনকে ধরে পিটুনি দেয়। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।সন্ত্রাসী শিপনের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। ২০০৪ সালের ৩ আগস্ট একটি একে-৪৭ রাইফেল, বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহূত অর্ডন্যান্স কারখানার ১৭টি গুলিসহ তিনি গ্রেপ্তার হয়েছিলেন। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান। ওমর ফারুক দাবি করেন, ‘আমি যাতে আমার বাবার হত্যা মামলায় সাক্ষ্য দিতে না পারি, সে জন্য শিপন এই হামলা চালিয়েছে। আমাকে হত্যা করাই ছিল তাঁর উদ্দেশ্য। এ ব্যাপারে পাঁচলাইশ থানায় আমি অভিযোগ দিয়েছি।’পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, শিপনকে প্রাথমিক চিকিৎসা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।