চট্টগ্রামে সন্ত্রাসী হামলার শিকার সংবাদপত্রসেবী
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন আন্দরকিল্লা এলাকায় সন্ত্রাসী হামলায় এক সংবাদপত্রসেবী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরে এই সন্ত্রাসী ঘটনা ঘটে। আহত সংবাদপত্রসেবীর নাম মো. আলী হায়দার। তিনি নগরের কোতোয়ালি থানাধীন দেওয়ান বাজার সিঅ্যান্ডবি কলোনি এলাকার বাসিন্দা। সন্ত্রাসী হামলায় তিনি মাথায় আঘাত পান।আলী হায়দার প্রথম আলোকে বলেন, ‘গতকাল মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে আমি বাসা থেকে হেঁটে নগরের কে সি দে সড়কে যাচ্ছিলাম। আন্দরকিল্লা এলাকায় পৌঁছানোর পর দুই সন্ত্রাসী পেছনের দিক থেকে ছুরি দিয়ে আমার মাথায় আঘাত করে। ছিনতাইকারীরা আমার অফিস ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।’আলী হায়দার প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকার চট্টগ্রাম এজেন্সির সেন্টার সুপারভাইজার হিসেবে কর্মরত। মাথায় আঘাত পাওয়ার পর তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় নগরের কোতোয়ালি থানায় হায়দার একটি মামলা করেছেন।