চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় ছয় সাংবাদিক আহত
চট্টগ্রামের জামালখানের লিচুবাগান এলাকায় গতকাল শুক্রবার সন্ত্রাসী হামলায় বিভিন্ন সংবাদপত্রের অন্তত ছয়জন সাংবাদিক আহত হয়েছেন। তাঁরা হলেন প্রথম আলোর প্রণব বল, দ্য ডেইলি স্টার-এর দ্বৈপায়ন বড়ুয়া, কালের কণ্ঠ-এর কমল দে, রবি শংকর, শিমুল নজরুল ও ভূঁইয়া নজরুল। আহত সাংবাদিকদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। জানা যায়, বিকেল পৌনে চারটার দিকে সন্ত্রাসীদের বহনকারী একটি প্রাইভেট কার জামালখানের লিচুবাগান এলাকায় অবস্থিত প্রথম আলো কার্যালয়ের নিচে পার্কিং করা প্রণব বলের মোটরসাইকেলটি ইচ্ছাকৃতভাবে ফেলে দেয়। পরে তারা ৫০ গজ দূরে এসে অবস্থান নেয়। মোটরসাইকেলটি ধাক্কা দেওয়ার কারণ জিজ্ঞেস করলে সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর চড়াও হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসা অন্য সাংবাদিকেরাও তাদের মারধরের শিকার হন। সাংবাদিক হিসেবে পরিচয় পাওয়ার পরও তারা ‘জবাই করে দেবে’ বলে হুমকি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে। তাঁরা হচ্ছেন তাজউদ্দিন ওরফে তাজু (৩২), রাসেল (৩০) ও সারোয়ার (৩২)। সেলিম নামের আরেক সন্ত্রাসীসহ কয়েকজন ঘটনাস্থল থেকে প্রাইভেট কারযোগে (চট্ট মেট্রো-গ-১১-১৬৭৭) পালিয়ে যায়।মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি-নর্থ) জানান, ১০ থেকে ১৫ সদস্যের এই সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে স্কুল-কলেজগামী ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে। তারা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। বনজ কুমার মজুমদারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন শেষে দোষী সন্ত্রাসীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এদিকে চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে), চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) পৃথক বিবৃতিতে এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।