চট্টগ্রামে সন্ত্রাসী 'টেম্পো' গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হত্যাসহ ২১ মামলার আসামি ইসমাইল হোসেন ওরফে টেম্পোকে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে নগরের চান্দগাঁও থানার শমসেরনগর রেললাইন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, ইসমাইলের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি ও তিনটি ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ইসমাইল চান্দগাঁও এলাকার ব্যবসায়ীদের চাঁদা দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেন। সে মোতাবেক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আনতে গেলে পুলিশ তাঁকে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে ইসমাইলের লোকজনের গোলাগুলি শুরু হয়। চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মুহাম্মদ শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘সময় বেঁধে দিয়ে চাঁদা ওঠাতে গেলে ওত পেতে থাকা পুলিশ বাধা দেয়। তখন আমাদের সঙ্গে তাঁর বাহিনীর সদস্যদের ২০ মিনিট বন্দুকযুদ্ধ হয়। আমরা তাঁর কাছ থেকে আমেরিকায় তৈরি একটি পিস্তল, দুটি গুলি ও অসংখ্য গুলির খোসা উদ্ধার করেছি। সন্ত্রাসীদের প্রতিহত করতে পুলিশ ১৬টির মতো গুলি ছোড়ে।’
পুলিশ সূত্র জানায়, গোলাগুলির একপর্যায় ইসমাইলের লোকজন গা ঢাকা দেয়। পরে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ গ্রেপ্তার করে। সূত্র জানায়, ইসমাইলের পায়ে ও ঊরুতে গুলি লেগেছে। তাঁকে রাতেই পুলিশ পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, আহত সন্ত্রাসী ইসমাইলের বিরুদ্ধে ২১টি মামলা আছে। বৃহস্পতিবার দিবাগত রাতের ঘটনায় আরও তিনটি মামলার প্রস্তুতি চলছে। সূত্র জানায়, একসময়ের টেম্পোচালকের সহকারী ইসমাইল হোসেন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এ কারণে তাঁর নামের সঙ্গে ‘টেম্পো’ শব্দটি যুক্ত হয়। ইসমাইল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।