চট্টগ্রামে সন্ত্রাসীদের কোপে যুবক আহত
চট্টগ্রামের ষোলশহর দুই নম্বর গেট এলাকায় পাভেল (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়েছে সন্ত্রাসীরা। জেলা পুলিশ সুপারের কার্যালয়ের পাশে গতকাল বুধবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। পাভেলের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন। পুলিশ বলেছে, পাভেলের সঙ্গে থাকা কাগজপত্র দেখে তাঁরা ধারণা করছেন সপ্তাহ খানেক আগে তিনি মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরেছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পাভেল একটি সিএনজিচালিত অটোরিকশায় চড়ে ষোলশহর দুই নম্বর গেট থেকে প্রবর্তক মোড়ের দিকে যাচ্ছিলেন। অটোরিকশাটি পুলিশ সুপারের কার্যালয়ের মূল ফটক পার হওয়ার পরপরই পাঁচ-ছয়জন সন্ত্রাসী তাঁর গতি রোধ করে এবং তাঁকে অটোরিকশা থেকে টেনে-হিঁচড়ে বের করে আনে। এরপর তারা উপস্থিত লোকজনের সামনেই ধারালো অস্ত্র দিয়ে পাভেলকে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে সন্ত্রাসীরা তাঁকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে পথচারীরা তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।হাসপাতালে দায়িত্ব পালনরত পাঁচলাইশ থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, পাভেলের বাসা হামজারবাগ এলাকায়। তাঁর কাছে গত কয়েক দিনে কয়েক লাখ টাকা ব্যাংক হিসাবে জমা করার রসিদ পাওয়া গেছে। হাসপাতাল সূত্র গতকাল বিকেলে জানায়, পাভেলের অবস্থা আশঙ্কাজনক। পাঁচ ব্যাগ রক্ত দেওয়ার পর তাঁকে অস্ত্রোপচারকক্ষে ঢোকানো হয়েছে। কারা কী উদ্দেশ্যে তাঁর ওপর হামলা করেছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।পাঁচলাইশ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে পাভেলের ওপর হামলা হয়। কারণ সন্ত্রাসীরা তাঁর সঙ্গে থাকা মুঠোফোনসহ অন্য কিছুতে হাত দেয়নি।’ তিনি বলেন, পাভেলের কথা বলার অবস্থা এখন নেই। তিনি সুস্থ হয়ে উঠলে বিস্তারিত জানা যাবে।