চট্টগ্রামে সন্ত্রাসীদের হামলায় এসএসসি পরীক্ষার্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহমেদ ওয়াসিনউন নুর
আহমেদ ওয়াসিনউন নুর

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার রাজাখালী মাস্টার কলোনি এলাকায় সন্ত্রাসীদের হামলায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। হামলায় আহত হয়েছেন তার বাবা।
নিহত আহমেদ ওয়াসিনউন নুর আদেল নগরের জামালখান এলাকার আইডিয়াল হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। তার আর তিনটি পরীক্ষা বাকি ছিল। আদেলের বাবা বদিউল আলম ওরফে বাচ্চু নগরের ওআর নিজাম রোডের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
আদেলের মামা নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বদিউল আলম পরিবার নিয়ে নগরের দেওয়ানবাজারের আফগান মসজিদ এলাকার পৈতৃক বাড়িতে বসবাস করেন। রাজাখালী মাস্টার কলোনি এলাকায় তাঁদের পৈতৃক জায়গা আছে। নিম্ন আয়ের লোকজনের কাছে ভাড়া দেওয়ার জন্য সেখানে কলোনি নির্মাণের কাজে হাত দেন বদিউল আলম। শুক্রবার সন্ধ্যায় তাঁর মিস্ত্রিদের সঙ্গে পাশের ভাড়াটে আলমগীরের ঝগড়া হয়। বিষয়টি মিস্ত্রিরা বদিউল আলমকে জানান। এরপর তিনি ছেলে আদেলকে নিয়ে শুক্রবার রাতে প্রায় দুই কিলোমিটার দূরে রাজাখালীতে নির্মাণাধীন কলোনির উদ্দেশে রওনা হন।
নজরুল ইসলাম বলেন, রাত ১০টার দিকে বদিউল আলম ও আদেল ঘটনাস্থলে পৌঁছালে আলমগীরের লোকজন তাঁদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ২০-২৫ জন ছিল।
স্বজনেরা বলেন, হামলায় আহত বাবা-ছেলেকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর তাঁদের ওআর নিজাম রোডের একটি ক্লিনিকে স্থানান্তর করা হয়।
হাসপাতালের চিকিৎসক আসিফ আহমেদ খান জানান, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বদিউল আলম ও তাঁর ছেলেকে হাসপাতালে আনা হয়। আদেলের বুকের পাঁজরের হাড় ভেঙে ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছিল। এ ছাড়া তার শরীরে ছুরির আঘাতের আরও কয়েকটি চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে ভোর পৌনে ৪টার দিকে আদেল মারা যায়। তিনি বলেন, বদিউল আলমের তলপেটের নিচে ছুরির ও হাতে গাছের গুঁড়ির আঘাতের চিহ্ন আছে।
বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাশরুরুল হক প্রথম আলোকে বলেন, বদিউল আলমের আরও দুই ভাইয়ের কলোনি আছে রাজাখালী এলাকায়। আলমগীর বদিউল আলমের ভাই শাহনেওয়াজের কলোনির ভাড়াটে। মিস্ত্রিদের সঙ্গে কথা-কাটাকাটির পর আলমগীর বাইরে থেকে লোকজন এনে জড়ো করেন। তারা বদিউল আলম ও তাঁর ছেলের ওপর হামলা চালায়।
বাকলিয়া থানার এসআই মো. বেলাল বলেন, ‘হামলার পর আলমগীর পালিয়ে গেছে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে আমরা অভিযানে নেমেছি।’
পারিবারিক সূত্র জানায়, সিটি করপোরেশনের ঠিকাদার বদিউল আলম দুই ছেলে ও দুই মেয়ের বাবা। বড় মেয়ের বিয়ে হয়েছে। ছেলেদের মধ্যে আদেল ছিল বড়।
এদিকে হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত আদেলের সহপাঠীরা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেছে।